কোনো কিছুর ওপরই বিএনপির আস্থা নেই: তথ্যমন্ত্রী
আইন-আদালত কোনো কিছুর ওপরই বিএনপির কোনো আস্থা নেই, কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়—এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমান এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিচারের রায় নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এই মামলা দায়ের করে নাই। বিএনপির পছন্দের তত্ত্বাবধায়ক সরকারই এই মামলা করেছিল। আমাদের সরকার যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে আমরা মামলা করতাম, আর রায়ের জন্যও ১৪ বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগেই রায় হতো।...তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায়, তখন এই মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় তাদের শাস্তি হয়েছে।’
রায় নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘আইন-আদালত কোনো কিছুর ওপরই তো বিএনপির কোনো আস্থা নেই, কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।’
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য সরকারের সাথে আমাদের আলোচনা চলছে।’
গতকাল বুধবার রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার জনসভা প্রকৃত অর্থে স্মরণকালের বিশাল জনসমুদ্রের রূপ নিয়েছিল। এতেই প্রমাণিত হয় দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসে, এতেই প্রমাণিত হয় জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের ওপর দেশের মানুষের আস্থা, বিশ্বাস, সমর্থন আছে।’