ফুটবল মার্কায় ভোট দিয়ে নতুন রাজনীতির পক্ষে রায় দেবে মানুষ: তাসনিম জারা
মানুষ ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে নতুন রাজনীতির পক্ষে রায় দেবে বলে আশাবাদী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
আজ সোমবার রাজধানীর বনশ্রীর দাসেরকান্দি এলাকায় জনসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন তরুণ এই প্রার্থী। এ সময় ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট আর ফুটবল প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
ভোটারদের থেকে কেমন সাড়া পাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, ‘ভোটারদের অনেকে বলছেন, জিতে যাব, কোনো টেনশন নেই, ভয় না রেখে এগিয়ে যেতে।’ তিনি বলেন, ‘অনেকের সঙ্গে কখনো দেখা হয়নি, কিন্তু তাঁরাও আমার ফুটবল প্রতীকের প্রচারণা করছেন। অনেকে তাঁদের দোকানে আমার ছবি টাঙিয়ে রেখেছেন। এভাবে সবাই নতুন রাজনীতির জন্যই কাজ করছেন।’
তরুণ এই প্রার্থী বলেন, প্রবাস থেকেও অনেকে ফোন করে ঢাকা-৯ আসনে থাকা আত্মীয়স্বজনকে তাসনিম জারাকে ভোট দেওয়ার অনুরোধ করেন এবং সে কথা স্থানীয় ভোটাররা তাঁকে বলছেন।
একজন নারীর প্রার্থী হিসেবে অবস্থানটা কতটা শক্ত মনে হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, ‘নারী প্রার্থী হিসেবে একটা ইতিবাচক অভিজ্ঞতা হচ্ছে, নারী ভোটার যাঁরা আছেন, তাঁরা স্বচ্ছন্দে আমার কাছে তাঁদের সমস্যাগুলোর কথা জানাচ্ছেন, প্রত্যাশাগুলো তুলে ধরেছেন।’
তরুণ এই প্রার্থী বলেন, ‘আমাদের নারী প্রার্থী যাঁরা বা রাজনীতিতে যাঁরা নারী আছেন, তাঁরা কিন্তু খুবই ভয়ানকভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, সংঘবদ্ধভাবে চরিত্রহনন থেকে শুরু করে অপবাদ—সবকিছুই করা হচ্ছে। কিন্তু আমাদের নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রে কোনো মেকানিজম (ব্যবস্থা) নেই।’
তাসনিম জারা বলেন, রাজনীতিতে এবং জনজীবনে নারীদের অর্থপূর্ণ অবদান নিশ্চিত করতে হলে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার জন্য মেকানিজম তৈরি করতে হবে। সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগী নারীরা কীভাবে এটি থেকে পরিত্রাণ পাবেন, সে উপায় খুঁজে বের করতে হবে।