এবার এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত
এবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আজ সোমবার দুপুরে এনসিপি কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। অন্যদিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য নাভিদ নওরোজ শাহ।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ভারত–প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় হয়েছে।
সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইইউ, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ জুলাই এনসিপির কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্টও ওই বৈঠকে ছিলেন। ওই বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।