আওয়ামী লীগ ও বিএনপি বড় দুই দল যখনই ক্ষমতায় ছিল, তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছে বলে মন্তব্য করেছেন নিউএজ সম্পাদক নূরুল কবির। তিনি বলেন, ‘প্রতিটা সরকার একেক সময় এসে তাদের দলীয় ইশতেহারের আলোকে সংবিধান পরিবর্তন করে ফেলে। পরে আমাদের বলে, কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করা যাবে না। এই দলীয় সংবিধানকে রাষ্ট্রীয় সংবিধান বলে আমরা মানবো কেন?’
শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত ‘দেশের সংকটে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে নূরুল কবীর এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা।
নূরুল কবীর বলেন, ‘জনগণের ইচ্ছাই হচ্ছে সংবিধান। সরকারের পদত্যাগ, একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ডাকা হরতাল বহু বছর পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। এটিই জনগণের অভিমত। বিরোধী দলগুলো ভোটাধিকার, সরকারের জবাবদিহি ও স্বচ্ছতার দাবিতে যে আন্দোলন করছে, এটাই এখন মানুষের ইচ্ছা। এটাই এই মুহূর্তে সংবিধান। সরকার দাবি না মানলে নাগরিক সমাজের দায়িত্ব এই চাওয়ার পক্ষে থাকা। প্রয়োজনে রাস্তায় সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে যুক্ত হওয়া।’
প্রায় ১৫ বছর ধরে দেশে ভোটাধিকার নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ভোটাধিকার না থাকলে মানুষ নাগরিক থাকে না। ভোটার প্রজা হিসেবেও থাকে না, দাসে পরিণত হয়। দেশের রাষ্ট্রসত্তার গায়ে, গণতন্ত্রের গায়ে, জনগণের মালিকানায় আগুন লেগেছে। এই আগুন নেভানোর প্রথম উপায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা।
নাগরিক সমাজের একটি অংশ এখন ‘ফার্মের মুরগি’ হয়ে গেছে বলে দাবি করেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আগে নাগরিক সমাজের একটি অংশ ‘কুঁচে মুরগির’ মতো ছিল। শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, নির্বাচনে প্রার্থী কে হতে পারবেন, সেটা নিয়েও আলোচনা করত তারা। এখন নাগরিক সমাজের একটি অংশ ‘ফার্মের মুরগি’ হয়ে গেছে। বিকার নাই তাদের, এরা গুঁতো দিলেও নড়ে না। আরেকটি অংশ ‘শিকারি মুরগির’ মতো হয়ে গেছে। তারা অত্যাচারী সরকারের সহযোগী শক্তিতে পরিণত হয়েছে।
সরকার এখন জামায়াতে ইসলামীকে মাঠে নামিয়েছে বলে দাবি করেন আসিফ নজরুল। তিনি বলেন, জামায়াত অনুমোদন ছাড়া কীভাবে সভা করল? তিনবার ব্যারিকেড ভাঙল কীভাবে? জামায়াত নির্বাচনে এলে তাদের সাত খুন মাফ হয়ে যাবে—এটি কি আমরা জানি না?
সেমিনারে সূচনা বক্তব্য দেন বঙ্গীয় সাহিত্য সভার আহ্বায়ক মাহবুব মোর্শেদ। সংগঠনের সদস্যসচিব এহসান মাহমুদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন কবি সাখাওয়াত টিপু, লেখক রাখাল রাহা, মানবাধিকারকর্মী অরূপ রাহী ও রোজিনা বেগম।