শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন এবং শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতার দ্রুত সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে।
আজ বুধবার এক ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এ কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে। দু–এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
গাজীপুরের শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
শফিকুর রহমান বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতনকাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।
সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ তিনি বলেন, ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত সরকারকে কর্তব্য পালনের আহ্বান জানান তিনি।
শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যত বিলম্বিত হবে, ক্ষতি ততই বৃদ্ধি পাবে। এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী অনেকে বিভিন্ন ধরনের সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে। এ ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সতর্কতার পরিচয় দিতে হবে।
শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, নিজেদের প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে। জামায়াত তাঁদের ন্যায্য অধিকারের পক্ষে আছে। অন্যদিকে শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।