মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবারের সদস্যদের নিয়ে আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে আজ শনিবার দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এরপর বিএনপির পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন।