জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ৯ দফা দাবি ঘোষণা
জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে ৯ দফা দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে জেলা পর্যায়ে সমাবেশ এবং মহানগর ও রাজধানীতে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ। দাবি আদায় না হলে ঢাকা অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার সন্ধ্যায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। বিশেষ অতিথি ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতিনিধি তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান। দেশের আলেম সমাজের অনেকে সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে ৯টি দাবিসংবলিত ঘোষণাপত্র পড়ে শোনানো হয়। এসব দাবির মধ্য রয়েছে আইন করে কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করতে হবে; মহান আল্লাহ, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এবং কোরআন-সুন্নাহ তথা ইসলামের অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করতে হবে; মাওলানা সা’দকে (সাদ কান্ধলভী) বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সা’দপন্থীদেরকে ইজতেমার অনুমতি দেওয়া যাবে না; হিজবুত তওহীদকে নিষিদ্ধ করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি হেফাজতের আমিরের লিখিত বক্তব্য পড়ে শোনান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পাঠানো লিখিত বক্তব্য সম্মেলনে পড়ে শোনান মুহিউদ্দীন রাব্বানী। এতে বলা হয়, সম্মেলন থেকে সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছে, সেগুলোর বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে সংসদে বিল আনতে সরকার ও বিরোধী দলের প্রতি দাবি জানান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সরকার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে আগামী নভেম্বরে সংসদ ঘেরাও কর্মসূচি দিতে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে সেই ঘোষণা দিতে অসুবিধা কোথায়?
সম্মেলনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা সাজিদুর রহমান।