ক্ষমতায় যেতে বিএনপি মার্কেটে আগুন লাগিয়েছে: অভিযোগ কাদেরের
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি মার্কেটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘ভুলে গেছেন নিজেদের অতীতকে। ক্ষমতার যাওয়ার জন্য কতগুলো বাজার, মার্কেট আজকে পুড়িয়েছে, কত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেল। গরিব মানুষ যেখানে বাজার করে, সেই বাজারগুলো আগুন দিয়ে পুড়িয়েছে। এদের ক্ষমা নেই। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে এই আগুন লাগানো হয়েছে।’
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
২০১৩, ১৪ ও ১৫ সালে ‘অগ্নিসন্ত্রাস’ করা হয় এবং এসবই মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের প্র্যাকটিস বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। যে আগুন নিয়ে আজ খেলছেন, শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য, সেই আগুনে আপনারাই পুড়ে মরবেন। এই আগুন আপনাদেরই পুড়িয়ে মারবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন, আজ বিএনপির গায়ে জ্বালা। তাদের যন্ত্রণা— এই সংকটেও কেন বাংলাদেশ ভালো আছে। দ্রব্যমূল্য সারা দুনিয়ায় বেড়ে গেছে। বাংলাদেশ কী করবে? বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করতে হয়।
মার্কেটে আগুন লাগা সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘লজ্জাশরম থাকলে আগুন শব্দটি অন্যের ঘাড়ে চাপাত না। আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাত না। আওয়ামী লীগ আগুন নয়, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। আওয়ামী লীগের ইতিহাস তাঁকে জানতে বলি।’
আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনোই করিনি। আমরা জনগণের রাজনীতি করি। মানুষের ভাগ্যোন্নয়ন করি। তোমরা (বিএনপি) করো পকেটের উন্নয়ন। ক্ষমতা বিএনপির কাছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি, ভোট চুরি। আর আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, পাশে থাকা, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা।’
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, রমজান মাসজুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি করেছেন। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটাই। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ–প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।