স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলতে বলল জাতীয় নারীশক্তি
ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে বিএনপি সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জবাব দায়সারা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠের চশমা খুলে জনগণের সত্যিকারের অবস্থা দেখতে হবে। জনবিচ্ছিন্ন মন্তব্য করলে হবে না। দেশের মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।
আজ সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ এলাকার ফুটপাতে এক প্রতিবাদ সমাবেশে মনিরা শারমিন এ কথা বলেন। ‘নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে নারীশক্তি। নারীশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন।
প্রতিবাদ সমাবেশে নারীশক্তির পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মনিরা শারমিন অভিযোগ করে বলেন, বিএনপি সরকার আসার পর দেশে নারী ও শিশু নির্যাতন আগের চেয়ে বেড়েছে। এ পরিস্থিতি প্রচণ্ড হতাশাজনক। দেশে ছিনতাই, ডাকাতি, রাহাজানি এত বেড়েছে যে রাস্তাঘাটে চলাফেরা করাই অনিরাপদ হয়ে পড়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গত শুক্রবার ভোরে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মৃত্যুর ঘটনা উল্লেখ করে নারীশক্তির আহ্বায়ক বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা। ছিনতাই–রাহাজানির পেছনে বড় কারণ মাদক, যাতে আমাদের তরুণেরা আসক্ত হয়ে পড়ছে। কিন্তু এ ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। কোনো রাজনৈতিক দলও এসব নিয়ে খুব বেশি কথাবার্তা বলছে না।’
আইনশৃঙ্খলার অবনতির তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের কাছে থাকার কথা থাকলেও অনেক সময়ই থাকে না বলে অভিযোগ করেন মনিরা শারমিন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিয়ে তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বাকি সব মন্ত্রণালয়ের বিষয়ে সক্রিয়, সংবিধানের রক্ষাকর্তা হিসেবেও হাজির হয়েছেন। কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকলেও এ ব্যাপারে তাঁর তেমন পদক্ষেপ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের জোরদার পদক্ষেপ দাবি করেন মনিরা।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা বলেন, ‘যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে দেশে অনিরাপত্তা বাড়ছে। নারীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রশাসনের অমনোযোগিতা নিয়েও আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকারের জোরালো ভূমিকা প্রয়োজন।’
সমাবেশে অংশ নেওয়া নারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। এসব প্ল্যাকার্ডে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘কাঠের চশমা খোলো, অপরাধী দমন করো’, ‘আমার ট্যাক্সের টাকায় বেতন, আমার নিরাপত্তা কই?’, ‘নারী ও শিশু নিপীড়ন বন্ধ করো’, ‘মাদকমুক্ত সমাজ চাই’, ‘এ কেমন প্ল্যান (সাংবাদিক নির্যাতন, নারী শিশুধর্ষণ ৪০০+, মাসে গড়ে খুন ৩০০+, তেল–গ্যাস–বিদ্যুৎ সংকট, চাঁদাবাজি–দখলবাজি)’ প্রভৃতি লেখা ছিল।