চট্টগ্রামে আওয়ামী লীগের সভা শেষে হুড়োহুড়ি, দরজার কাচ ভেঙে পড়ল নাছিরের গায়ে
চট্টগ্রামে আজ আওয়ামী লীগের প্রয়াত এক নেতার স্মরণসভায় অংশ নিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সভা শেষে নেতা–কর্মীরা মিলনায়তন থেকে বের হওয়ার পথে হুড়োহুড়িতে কাচের দরজা ভেঙে পড়ে। ভাঙা কাচ পড়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ কয়েকজনের শরীরের ওপর।
আজ শনিবার সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সন্ধ্যা সাতটায় প্রথম আলোকে বলেন, কাচের দরজা ভেঙে পড়ে আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা তাঁকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্মরণসভাটি ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোছলেম উদ্দিন আহমদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা থেকে গিয়ে স্মরণসভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া আ জ ম নাছির উদ্দীনসহ চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আ জ ম নাছিরের মিডিয়া সহকারী উজ্জ্বল দত্ত প্রথম আলোকে বলেন, স্মরণসভায় মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতাসহ অনেক নেতা–কর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে বের হয়ে আসার সময় নেতা–কর্মীদের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়। পেছন থেকে চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে নেতা–কর্মীদের চাপে কাচ ভেঙে পড়ে। এতে আ জ ম নাছিরও আহত হয়েছেন।