গণভোটে দেওয়া জনরায় উপেক্ষা করলে দায়ভার বিএনপিকে নিতে হবে: ১১–দলীয় ঐক্য
সংসদের উচ্চকক্ষ গঠনে জুলাই সনদ অনুসরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ১১–দলীয় নির্বাচনী ঐক্য। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে দেওয়া জনরায় উপেক্ষা করলে দায়ভার বিএনপিকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এ জোটের নেতারা।
আজ শনিবার রাত সাড়ে আটটায় রাজধানীর মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। ফলে সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। জুলাই সনদে আইনসভা বা সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করা এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠন করার প্রস্তাব করা হয়েছে।
তবে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতির অনুসরণ করা হবে কি না, ব্রিফিংয়ে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ঐকমত্য কমিশনে সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতি নিয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট (দ্বিমত)’ দিয়েছিল। আবার গণভোটে যাতে ‘না’ জয়যুক্ত হয়, সে জন্য দলটি বিভিন্নভাবে ক্যাম্পেইন করেছে। কিন্তু যেহেতু ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে, এখন দলটি উচ্চকক্ষ গঠনে জুলাই জাতীয় সনদ অনুসরণ না–ও করতে পারে।
তবে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরে সব ‘নোট অব ডিসেন্ট’ বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরে জনগণকে উপেক্ষা করে কিছু করলে সেই দায়ভার বিএনপিকে নিতে হবে। জনগণ সেই সিদ্ধান্ত মানবে না।
প্রেস ব্রিফিংয়ের আগে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজোঁ কমিটি বৈঠক করে। বৈঠকের বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, দেশের সামগ্রিক স্বার্থে যখন যে ভূমিকা রাখা উচিত, ১১–দলীয় নির্বাচনী ঐক্য সংসদে ও সংসদের বাইরে ঐক্যবদ্ধ হয়ে সেই ভূমিকা পালন করবে।
নির্বাচনের ফলাফল ঘোষণায় জালিয়াতির অভিযোগের বিষয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক বলেন, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, পরে অভিযোগ থাকা আসনের বিষয়ে তাঁরা আইনের আশ্রয় নেবেন।
এ সময় নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে অনেক নারীকে আহত করা হয়েছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি আছেন। এভাবে চলতে থাকলে দেশে নৈরাজ্য আবার তৈরি হয় কি না, সেই প্রশ্ন এখন জনমনে তৈরি হয়েছে। তিনি বলেন, ‘পুরোনো রাজনীতির অপসংস্কৃতি থেকে আমরা বেরোতে না পারলে নতুন বাংলাদেশের আশা স্তিমিত হয়ে যাবে।’