‘এসব ভয় দেখিয়ে লাভ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সংসদ সদস্য ফারুক খান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ফারুক খান গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, কাকে ভিসা দেবে না আর কাকে নিষেধাজ্ঞা দেবে—এসব ভয় দেখিয়ে লাভ নেই।

আওয়ামী লীগেরই আরেক সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী সংসদে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে। অন্যদিকে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) দেখাতে হবে, তাদের দাঁত আছে, কামড় দিতে পারে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি স্তিমিত হয়ে যাবে।

গতকাল রাতে জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির ওই তিনজন সংসদ সদস্য এসব কথা বলেন।

কোনো দেশের নাম উল্লেখ না করে সংসদ সদস্য ফারুক খান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে। তারা ভিসা নীতি পরিবর্তন করেছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। শুধু বাংলাদেশই নয়, অতীতে অন্যান্য দেশেও তারা এসব করেছে।

ফারুক খান আশা করেন, বিদেশি রাষ্ট্রগুলো এসব করা থেকে বিরত থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের দেশে (যুক্তরাষ্ট্র) ভালো কোনো কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারে। তিনি বলেন, তারা কাকে ভিসা দেবে না আর কাকে নিষেধাজ্ঞা দেবে—এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সেটি সরকার জানে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, হাইকমিশনারদের অতিরিক্ত প্রটোকল–সুবিধা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রতিক্রিয়ায় সরকার এটি করেছে। সরকারের কোনো রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দেখানোর প্রয়োজন নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনকে দেখাতে হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের ইফেকটিভ রিপ্লেসমেন্ট (কার্যকর প্রতিস্থাপন)। তাদের দাঁত আছে, কামড় দিতে পারে। সরকারও ইসিকে সহায়তা করে।এটা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আস্তে আস্তে কমে আসবে।

৯ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি কীভাবে কমাবে তার কোনো নির্দেশনা বাজেটে নেই, উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা দিয়েছেন তা মূলত ‘রেকর্ডেড’ (ধারণকৃত)। কণ্ঠটাও অর্থমন্ত্রীর না। তিনি নিজে দুই পতা পড়েছেন। বাজেটে বিশাল ঘাটতি কীভাবে পূরণ হবে, প্রশ্ন রেখে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, আগামী অর্থবছরে সরকার ১ লাখ ৩২ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবে। সব ঋণ সরকার নিলে ব্যবসায়ী, সাধারণ মানুষ কীভাবে ঋণ নেবেন? ব্যাংক কোথায় টাকা পাবে? তখন সরকার টাকা ছাপাবে। এতে মূল্যস্ফীতি বাড়বে। তিনি বলেন, সামনের দিনে মানুষ ব্যাগভর্তি টাকা নিয়ে পকেটভর্তি বাজার করে আসতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী বলেন, গুম–খুন নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে। এ দেশে তারাই গুম–খুন শুরু করে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, হাওয়া ভবনের দুর্নীতি স্বীকৃত। ভরাডুবির ভয়ে বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তারা হতাশ। সে জন্য তারা জেনে–শুনে–বুঝে ভোট বানচালের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলাচ্ছে। আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ সেটার জবাব দেবে।