ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে: ইলেকশন মনিটরিং ফোরাম
বাংলাদেশের নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে করেন ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা কয়েকজন বিদেশি পর্যবেক্ষক। আজ রোববার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তাঁরা এ কথা জানান।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইলেকশন মনিটরিং ফোরাম। তাদের সঙ্গে ছিলেন চারজন বিদেশি অতিথি।
ঢাকায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া আয়ারল্যান্ডের সাংবাদিক নিক পল বলেন, তিনি নিশ্চিত, নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত দায়িত্ব পালন করবে। অবাধ–সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্রের টেনেট ফাইওন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেন, বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশের সংবিধান তত্ত্বাবধায়ক সরকার অনুমোদন করে না। এটি করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যদি এটি ভালো আইডিয়াও হয়ে থাকে, যদি তারা এটা করতেও চায়, তারা এটা করতে পারে না। কারণ এটি করার কোনো আইনি কাঠামো নেই।
তিনি বলেন বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে তাঁরা মনে করেন।
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি ও সাম্প্রতিক সময়ের নির্বাচন সম্পর্কে বিদেশি পর্যবেক্ষকেরা জানতে চেয়েছেন।
আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসতে চাইছেন। এ বিষয়ে ইসির বিধি সম্পর্কে জানতে চেয়েছেন। ইসি আশ্বস্ত করেছে যে পর্যবেক্ষকেরা ভোটের আগে এবং পরেও আসতে পারবেন। কমিশন থেকে কোনো বাধা নেই।
আবেদ আলী আরও বলেন, প্রতিনিধিরা সম্প্রতি যে দুজন প্রার্থীর ওপর হামলা হয়েছিল সেখানে ইসি কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন। কমিশন এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। যারা হামলা করেছে, তাদের গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার যেহেতু অসাংবিধানিক, সে বিষয়ে তাঁদের (বিদেশি প্রতিনিধি) কোনো আগ্রহ নেই। তাঁরা বলেছেন, সংবিধানে যেটা আছে, সেইটার আলোকেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। তাঁরা আরও বলছেন, কমিশনের যে আইন আছে, সেটার যেন সঠিক প্রয়োগ হয়। রাজনৈতিক দলগুলো ও সরকার যেন ইসিকে সাপোর্ট দেয়, এসব বিষয় নিশ্চিত করলে এই কমিশনের অধীনই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা তাঁরা আশা প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকেরা আসবেন কি না, আসতে হলে তাঁদের কী করণীয়, এ বিষয়ে আলোচনা হয়েছে। মূলত আলোচনা হয়েছে যে বর্তমান নির্বাচন কমিশন কীভাবে সুষ্ঠু, অবাধ নির্বাচন আয়োজন করবে, কীভাবে কাজ করবে।
অতি সম্প্রতি একটি সিটি করপোরেশন ও একটি সংসদের উপনির্বাচনে ছোটখাটো যে সমস্যা দেখা দিয়েছিল, বিশেষ করে প্রার্থীদের আক্রমণ করা হয়েছিল, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে, এসব বিষয় তাঁরা জানতে চেয়েছিলেন।
জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ করতে যদি আসতে চায়, তাহলে স্বাগত জানানো হবে। তবে অবশ্যই তাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণে আসতে হবে।