জাপা–জেপিকে আসন ছাড়তে চায় না আওয়ামী লীগ, তিন ধারায় চলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল ও জোটের শরিক দল নিয়ে পিরোজপুরে অস্বস্তিতে আছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্যের অনুসারীরা প্রায়ই সংঘর্ষে জড়ান। অন্যদিকে তিন ধারায় বিভক্ত জেলা বিএনপি। প্রতিটি উপজেলায় কমবেশি কোন্দল আছে। যদিও কোন্দলের বিষয়টি মানতে নারাজ জেলা বিএনপির নেতারা।

আওয়ামী লীগে রেজাউল-আউয়াল দ্বন্দ্ব

২০০৮ সাল থেকে টানা দুবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানি) আসনের সংসদ সদস্য ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। ২০১৮ সালে মনোনয়ন পান শ ম রেজাউল করিম। তিনি নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে সর্বশেষ সম্মেলনে আউয়াল সভাপতি ও প্রয়াত এম এ হাকিম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হাকিম হাওলাদারের মৃত্যুর পর কানাই লাল বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

কমিটিতে আউয়ালের অনুসারীরা বেশি স্থান পান। সাতটি উপজেলায় সভাপতি ও সম্পাদক আউয়ালের অনুসারী। যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা রেজাউল করিমের অনুসারী। আধিপত্য বিস্তার নিয়ে দুই নেতার অনুসারীরা প্রায়ই সংঘর্ষে জড়ান।

আগামী নির্বাচনে পিরোজপুর-১ আসনে রেজাউল করিম, এম এ আউয়াল, তাঁর ভাই পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

শ ম রেজাউল করিম বলেন, ‘আমার সময়ে যে উন্নয়ন হয়েছে, গত ৪০ বছরে তা হয়নি। আগামী নির্বাচনে মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে। নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর পক্ষে থাকব।’ তবে দলীয় কোন্দল নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এম এ আউয়াল বলেন, ‘আমাদের দলে কোনো বিভক্তি নেই। দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চাইব।’

পিরোজপুর-২ আসনের (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ২০১৮ সালে আসনটি আওয়ামী লীগ ছেড়ে দেয়। তবে এবার ছাড়তে নারাজ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য শাহ আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান ও ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ সাকিব।

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ জোমাদ্দার বলেন, ‘আনোয়ার হোসেন মঞ্জুর জনপ্রিয়তা অনেক কমে গেছে। আমরা নেত্রীর কাছে আওয়ামী লীগের প্রার্থী দাবি করব।’

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের কোন্দলে সাত বছরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা খুন হয়েছেন। ২০১৪ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর তিন দফায় সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও পরে স্থগিত করা হয়। মঠবাড়িয়ায় বিভিন্ন সভা-সমাবেশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান ও সাবেক পৌর প্রশাসক আজিজুর হক মাতুব্বর নিজেদের সাধারণ সম্পাদক দাবি করছেন।

আজিজুর হক মাতুব্বর বলেন, ‘আমি সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছি। আমার কমিটি এখনো বিলুপ্ত হয়নি।’ তবে আশরাফুর রহমান দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে নতুন কমিটি হয়েছে। সেই কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

পিরোজপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান রুস্তম আলী ফরাজী। আসনটি জাপাকে ছাড়তে চায় না আওয়ামী লীগ। এ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ, যুবলীগ নেতা তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া আশরাফুর রহমান ও আজিজুর হক মাতুব্বর মনোনয়ন চাইবেন।

কোন্দলে বিপর্যস্ত জেলা বিএনপি

তিন ধারায় বিভক্ত জেলা বিএনপি। এক পক্ষে জেলার আহ্বায়ক আলমগীর হোসেন, আরেক পক্ষে সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খান ও তৃতীয় পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম। সর্বশেষ ২০২২ সালে আলমগীর হোসেনকে আহ্বায়ক ও গাজী অহিদুজ্জামানকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর প্রতিটি উপজেলায় কোন্দল বেড়েছে। কমিটি গঠন বাণিজ্যের অভিযোগে জেলার নেতাদের বিরুদ্ধে মঠবাড়িয়ায় ঝাড়ুমিছিল করেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

তৃণমূলের নেতাদের অভিযোগ, জেলা বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলছে। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর বিএনপির দক্ষিণাঞ্চলীয় রোডমার্চ পিরোজপুরে শেষ হওয়ার কথা থাকলেও দলটি শহরে সমাবেশ করতে পারেনি।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খান বলেন, পুলিশের নির্দেশনা অনুযায়ী বর্তমান নেতারা দলীয় কর্মসূচি পালন করে আসছেন। কমিটি গঠন নিয়েও অভিযোগ আছে।

তবে কোন্দলের বিষয়টি মানতে নারাজ আলমগীর হোসেন। তিনি বলেন, কোন্দল নেই, প্রতিযোগিতা আছে। কমিটি নিয়ে বাণিজ্যের অভিযোগ সঠিক নয়।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া পিরোজপুর-১ আসনে বিএনপি কখনো সংসদ সদস্য পায়নি। ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হন মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০০৮ সালে দেলাওয়ার হোসাইন সাঈদী আওয়ামী লীগের কাছে পরাজিত হন। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে সাঈদীর ছেলে শামীম সাঈদী নির্বাচন করে পরাজিত হন।

পিরোজপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এমডি লিয়াকত আলী।

জামায়াতের শামীম সাঈদী প্রথম আলোকে বলেন, ‘আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জামায়াতে ইসলামী থেকে আমাকে পিরোজপুর-১ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।’

নাজিরপুর উপজেলা বিএনপি দুই পক্ষ বিদ্যমান। এক পক্ষে আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং অন্য পক্ষে যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম। ইন্দুরকানি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ এবং সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর কবির তালুকদার ও বর্তমান কমিটির আহ্বায়ক ফরিদ আহমেদের নেতৃত্বে দুটি পক্ষ আছে।

ভান্ডারিয়ায় বিএনপি দুই ভাগে বিভক্ত। আহ্বায়ক আহমেদ সোহেল এক পক্ষে ও সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন।

নেছারাবাদেও বিএনপি দ্বিধাবিভক্ত। কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে মনোনয়ন চাইতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কাউখালীর সাবেক চেয়ারম্যান আহসান কবীর ও ভান্ডারিয়ার আহ্বায়ক আহমেদ সোহেল। ২০১৮ সালে এ আসনে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন।

মঠবাড়িয়া উপজেলার আহ্বায়ক রুহুল আমিন ও সদস্যসচিব আবু বকর সিদ্দিকের মধ্যে দ্বন্দ্ব আছে। গত ২০ মার্চ গঠিত ওই কমিটিতে আবু বকর সিদ্দিককে সদস্যসচিব করায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা ঝাড়ুমিছিল করেন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন রুহুল আমিন। এবারও তিনি মনোনয়ন চাইবেন। এ ছাড়া মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম মনোনয়নপ্রত্যাশী।

মঠবাড়িয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ফরাজী বলেন, ‘এখানে বিএনপিতে বিভক্তি থাকলেও বেশির ভাগ নেতা-কর্মী রুহুল আমিনের অনুসারী। আওয়ামী লীগের ইন্ধনে গুটিকয়েক ব্যক্তি দলে গ্রুপিং করছে।’ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, তাঁরা এখন নির্বাচন নিয়ে ভাবছেন না। এখন তাঁদের লক্ষ্য আন্দোলনের মাধ্যমে সরকারের পতন।

আ.লীগের সঙ্গে জোটের শরিকদের বিরোধ

পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে সংসদ সদস্য মহাজোটের শরিক দল জাপা ও জেপির। এবার আওয়ামী লীগ আসন দুটি ছাড়তে নারাজ। এর মধ্যে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য জাপার ভাইস চেয়ারম্যান জাপা নেতা রুস্তম আলী ফরাজী।

পিরোজপুর-২ আসনে জেপির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ চলছে। আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত সচিব মেজবাউদ্দিন বলেন, জোটবদ্ধ নির্বাচন হলে আসনটি আওয়ামী লীগ তাঁদের ছেড়ে দিতে পারে।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে আওয়ামী লীগের একটি পক্ষ মাঠে নেমেছে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান সম্প্রতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আওয়ামী লীগের অন্য পক্ষ রুস্তম আলীর পক্ষে আছে।

মঠবাড়িয়া পৌর জাপার সভাপতি ফারুক হোসেন বলেন, রুস্তম আলী ফরাজী চারবার সংসদ সদস্য হয়েছেন। তাঁর কাছে আওয়ামী লীগের প্রার্থী দুবার হেরেছেন। এ আসনে মহাজোটে তাঁর বিকল্প প্রার্থী নেই।