নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে আ.লীগ: তথ্যমন্ত্রী

চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিংক রোডে জেলা প্রশাসন আয়োজিত ‘চট্টগ্রাম ফুল উৎসব’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে আওয়ামী লীগ। তিনি বলেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছে এবং রাজপথেই থাকবে।’

‘কারও সঙ্গে পাল্টা কর্মসূচি আমরা দিচ্ছি না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচি দিচ্ছি। এই কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিংক রোডে জেলা প্রশাসন আয়োজিত ‘চট্টগ্রাম ফুল উৎসব’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে রাজপথে দেখলে মনে হয় ওদের গায়ে কাঁটা বিদ্ধ হয়। বিএনপির কর্মসূচির দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি এবং শান্তি সমাবেশ করছি। পাল্টা কর্মসূচি নয়, আমাদের স্বাভাবিক কর্মসূচি আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারে থাকি কিংবা না থাকি; যখন ছিলাম না, তখনো রাজপথে ছিলাম, এখন সরকারে আছি, ভবিষ্যতে থাকলে তখনো রাজপথে থাকব।’

চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিংক রোডে জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব
ছবি: সংগৃহীত

ফুল উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সুন্দরভাবে সাজাতে চান। আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই। স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার ক্ষেত্রেও বহুদূর এগিয়ে গেছি। বস্তুগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সামাজিক কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই।’

পুষ্পমেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সমুদ্রের পাড়ে পশ্চিম সলিমপুরে এ রকম নয়নাভিরাম একটা জায়গায় বিস্তৃত জলাশয় আছে, চারপাশে গাছপালা। এখানে স্বাভাবিকভাবে অনেক পর্যটক আসেন, পর্যটকদের জন্য এটি একটা বাড়তি পাওনা। চট্টগ্রাম শহরের জন্যও একটা বাড়তি পাওনা। আমি আশা করব, এই জায়গাতে প্রতিবছর তিন মাসব্যাপী পুষ্পমেলা হবে; শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের আকর্ষণ হবে। প্রয়োজনে এখানকার জলাধারে ভাসমান ফুলের বেড করা যায়।’

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ ও সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

পত্রিকা দেশ ও সমাজগঠনে ভূমিকা রাখতে পারে

দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অপরাহ্ণে চট্টগ্রামের নাসিরাবাদে আঞ্চলিক দৈনিক পূর্বকোণ পত্রিকার কার্যালয়ে দৈনিকটির ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন হাছান মাহমুদ। তিনি বলেন, একটি পত্রিকায় শুধু সংবাদ পরিবেশন নয়, পাশাপাশি যদি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয় এবং নানা বিষয়ের ওপর ফিচার প্রকাশিত হয়, তাহলে সেই পত্রিকা দেশ ও সমাজগঠনে ভূমিকা রাখতে পারে।

দৈনিক পূর্বকোণ ৩৭ বছর ধরে পাঠকপ্রিয়তা ধরে রেখে জনপ্রিয়তার সঙ্গে প্রকাশিত হচ্ছে, প্রকাশনায় কখনো ছেদ পড়েনি উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে একটি পত্রিকা সফলভাবে পরিচালনা করা চাট্টিখানি কথা নয়। পূর্বকোণকে শুধু আঞ্চলিকভাবে নয়, জাতীয়ভাবে দেখতে চাই।’

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ সেটি ৩৭ বছর ধরে চেষ্টা করছে। আশা করব ভবিষ্যতের পথচলায় পূর্বকোণ সেই প্রচেষ্টা আরও জোরদার করবে।’

তথ্যমন্ত্রী অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।