ভোলায় জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ শাকিলের সমাধিতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
ছাত্র ফেডারেশন জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ জুলফিকার আহমেদ শাকিলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। শাকিল ছিলেন এই সংগঠনের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। জুলাই অভ্যুত্থানের সময় ৪ আগস্ট রাজধানী ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হওয়া এই নেতা ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন।
জুলফিকার আহমেদ শাকিলের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে আজ শুক্রবার ভোলা জেলার সদর উপজেলার ভেলু মিয়া ইউনিয়নে তাঁর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ও তার অর্থনৈতিক ব্যবস্থা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এ কারণেই মানুষ জুলাই গণ–অভ্যুত্থানে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে অভ্যুত্থান–পরবর্তী সময়ে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
নতুন ব্যবস্থার নামে পুরোনো ব্যবস্থাকেই পুনঃ স্থাপন করা হয়েছে উল্লেখ করে সৈকত আরিফ বলেন, মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের কোনো পরিবর্তন ঘটেনি। রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানকে কিছু কাগুজে বিষয়ে পরিণত করেছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই আকাঙ্ক্ষা পূরণের লড়াইয়ে শহীদ শাকিল অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পশ্চিম চরনওয়াবাদ মুসলিম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল-আমীন রহমান, ভোলা জেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম প্রমুখ।