দুই নাজমুলের নেতৃত্বে এনসিপির স্পোর্টস অ্যালায়েন্সের কমিটি, নাহিদ বললেন—সম্পর্কটা ‘আদর্শিক’

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট, ঢাকা। ২ অক্টোবর ২০২৬ছবি: এনসিপির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির ১০২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এক নম্বর উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির জ্যেষ্ঠ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষণা করেন সদস্যসচিব এম নাজমুল ইসলাম। পরে কমিটির সব সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্পোর্টস অ্যালায়েন্সকে ‘স্বাধীন সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এটি কোনো রাজনৈতিক দলের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না বলেও জানান তাঁরা।

সমাপনী বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে এনসিপির সম্পর্ক ‘আদর্শিক ও নীতিগত’। স্পোর্টস অ্যালায়েন্সকে এনসিপির অঙ্গসংগঠন বলতে সমস্যা কোথায়—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির অঙ্গসংগঠন আর সহযোগী, সমমনা ও ভ্রাতৃত্ব সংগঠনের ধারণাগুলো আলাদা। নির্বাচনী আইন মেনে আমরা রাজনৈতিক দল পরিচালনা করি। স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে অবশ্যই আমাদের সম্পর্ক রয়েছে। আমাদের আদর্শিক ও নীতিগত জায়গা রয়েছে। সে জন্যই আমরা এই আয়োজনের সঙ্গে আছি, আমরা এখানে এসেছি।’ তিনি বলেন, ‘এখানে রাখঢাকের কিছু নেই। আমরা সহযোগিতা করতে চাই। এটা আমাদের অধীন কোনো সংগঠন নয়, তারা স্বাধীনভাবেই কাজ করবে। রাজনৈতিক দল হিসেবে তাদের ভালো কাজের সঙ্গে আমরা থাকব।’

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট, ঢাকা। ২ অক্টোবর ২০২৬
ছবি: এনসিপির সৌজন্যে

এর আগে বক্তব্যে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যাঁরা ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের উদ্যোগটা নিয়েছেন, তাঁদের প্রথম থেকেই ধারণা ছিল এটা কোনো রাজনৈতিক সংগঠনের উইং বা শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে না। তারা একটা স্বতন্ত্র সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স ক্রীড়ার নীতি নিয়ে কাজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে অনুরোধ করছি, আপনারা কখনো লেজুড়বৃত্তিক সংগঠন হবেন না।’

কমিটির মেয়াদ ছয় মাস

এদিকে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হলো। কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে। তাঁরা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরমানুল ইসলামকে। এ ছাড়া কমিটিতে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩৬ জনকে সংগঠক ও ৪৭ জনকে সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, ক্রিকেট কোচ ইমরান হোসাইন প্রমুখ।