পয়লা বৈশাখের অনুষ্ঠানে গানের তালে নাচলেন এনসিপির নেতা–কর্মীরা

পয়লা বৈশাখের অনুষ্ঠানে গানের তালে নাচে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতেছবি: প্রথম আলো

পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে নাচলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একদল নেতা-কর্মী। শিল্পীর আহ্বানে নাচরত নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে তাঁরা দুজন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য নেতাদেরও নাচে যোগ দেওয়ানোর চেষ্টা করেন। তবে নাহিদ ও পাটওয়ারী চেয়ার ছেড়ে ওঠেননি।

দৃশ্যটি আজ মঙ্গলবার বিকেলের। এনসিপির পয়লা বৈশাখ উদ্‌যাপনের মঞ্চে তখন গাইছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে পরিচিতি পাওয়া শিল্পী আশিক ও তাঁর দল। একপর্যায়ে তিনি এনসিপির জ্যেষ্ঠ নেতাদের নাচে যোগ দিতে অনুরোধ করেন। তখনই এ দৃশ্য দেখা দেয়।

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে আজ বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে পরীবাগ এলাকা পর্যন্ত শোভাযাত্রা করে এনসিপি। পরে বাংলামোটরের নেভি গলিতে দলটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই আয়োজনের এক পর্যায়ে গান গাইতে ওঠেন শিল্পী আশিক।

বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘বসন্ত বাতাসে সই গো’ গানটি গাওয়ার এক পর্যায়ে শিল্পী আশিক এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ‘সংস্কৃতিমনা’ হিসেবে উল্লেখ করে গানের তালে নাচার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে নাচে যোগ দেন সারজিস আলম, আসিফ মাহমুদসহ কয়েকজন। পরে তাঁরা এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ আরও কয়েকজনকে হাত ধরে নাচে যোগ দেওয়ান।

আরও পড়ুন

এ সময় পাশাপাশি চেয়ারে বসে ছিলেন নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নাহিদকে নাচে যোগ দেওয়ানোর চেষ্টা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ; কিন্তু নাহিদ ওঠেননি। তিনি হাতের ইশারায় অনাগ্রহের কথা জানান। একই সময়ে পাটওয়ারীকে নাচে নেওয়ার চেষ্টা করেন সারোয়ার তুষার ও দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনিও রাজি হননি। অবশ্য এর আগে নাহিদ সাইফ মোস্তাফিজকে নাচের জন্য ঠেলে দেন।

সরকারি নির্দেশ মেনে সন্ধ্যা ছয়টার আগেই এনসিপির সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। পরে এনসিপির নেতারা নেভি গলিতে দলের সংস্কৃতি সেল আয়োজিত বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দলের পক্ষ থেকে নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।

আরও পড়ুন