আন্দোলনে শহীদ ও গুম হওয়াদের স্মরণে বিএনপির বিনা মূল্যে ‘ছানি’ অপারেশন

বিএনপি আয়োজিত চোখের ‘ছানি’ অপারেশন কর্মসূচিতে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ২ ফেব্রুয়ারি ২০২৬ছবি: বিএনপির সৌজন্যে

স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনে গুমের শিকার ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিনা মূল্যে চোখের ‘ছানি’ অপারেশন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সোমবার বিকেলে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক চক্ষুবিশেষজ্ঞ ডা. বেলাল হোসেন নাজিম।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, গত ১৭ বছরে সিরাজগঞ্জের মেরিসহ হবিগঞ্জ, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ এবং দেশের বিভিন্ন স্থানে শত শত বিএনপি নেতা–কর্মী স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি বলেন, ‘মেরির বলা প্রতিটি কথা আমরা অন্তর দিয়ে অনুধাবন করি। মাত্র পাঁচ মিনিটের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একবার দেখতে চাওয়ার যে আকুতি, তা আমাদের হৃদয়কে নাড়া দেয়।’

রফিকুল ইসলাম আরও জানান, মেরির চিকিৎসার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় উদ্যোগে তাঁকে বিদেশে পাঠানো হলেও দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয়নি। একইভাবে দৃষ্টিশক্তি হারানো শতাধিক নেতা–কর্মীর চিকিৎসার ব্যবস্থাও দলীয়ভাবে করা হয়েছে। অনেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাননি, কারও একটি চোখ নষ্ট হওয়ার পর অন্য চোখের দৃষ্টিশক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদুল ইসলাম, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুল আলম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান খানসহ অনেকে।

ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ছানি রোগী বাছাই করে অপারেশন সম্পন্ন করেন ডা. শোয়েব আহমেদ রবিন ও ডা. বেলাল হোসেন নাজিম।