সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের ওপর হামলা চালিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী।
আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’ আয়োজিত এক কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।
শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনি ও গণহত্যাকারীদের ভারতে আশ্রয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় (আইসিসি) ভারতের আধিপত্য, বিগত চারটি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির আয়োজন করে প্ল্যাটফর্মটি।
জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে সংগঠনটির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।
জুলাই ঐক্যর কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলনে গতকাল হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যাঁরা হাসপাতালে আছেন, আমরা তাঁদের সুচিকিৎসা চাই।’
এনসিপির এই নেতা আরও বলেন, আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএনের (জাতিসংঘ) মাধ্যমে হাদি হত্যার ইনভেস্টিগেশন (তদন্ত) করে একটি সুষ্ঠু বিচার করবে এবং সরকার সেখানে একটি চিঠি দেবে। সরকারের কাছে তারা (ইনকিলাব মঞ্চ) একটা নির্দিষ্ট টাইমফ্রেমও (সময়সীমা) চাইল। কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার ওপরে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবাহ, ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসরাফিল ফরাজীসহ অনেকে।