তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সময়মতো দেওয়া হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকেই বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেবে। তিনি বলেন,‘তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আপনারা সময়মতো জানবেন। আমাদের রূপরেখায় থাকবে সংবিধানের ৫৮(খ), (গ)... যেটা সংবিধানের (দ্বাদশ সংশোধনী) ছিল। তারই আলোকে এই রূপরেখা হবে।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। এর আগে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব।
দুটি বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আজকে বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির যুগপৎ আন্দোলনের দাবিনামা নিয়ে আলোচনা করেছি। আমরা যে দাবিগুলোর খসড়া নিয়ে আলোচনা করেছি, এর ভেতরে প্রধান দাবিগুলোর মধ্যে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদ বাতিল, নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন, দেশনেত্রী খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি—এসব দাবির বিষয়ে আমরা একমত হয়েছি।’
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের নেতা মোস্তাফিজুর রহমান, আ হ ম জহির হোসেন, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন, বেলাল আহমেদ, ফরিদউদ্দিন, ফখরুজ্জামান, হাসিবুর রহমান ও আবুল কালাম আজাদ।
এর আগে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির ফারুক রহমান, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম, আলাউদ্দিন আলী, জহিরুল হক, আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা, হুমায়ুন কবির ও খন্দকার মিরাজুল ইসলাম। দুটি বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ আসনে বিজয়ী হয়ে ১৯৯৬ সালের ২৭ মার্চ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনে ত্রয়োদশ সংশোধনী পাস করে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে।