সরকারের ১০০ দিনে বিএনপির মূল্যায়ন
‘এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন’
ক্ষমতাসীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে আজ বুধবার। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ১০০ দিনে তাদের অন্যতম সফলতা হচ্ছে, সব শিল্পকারখানায় ঈদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা। ১০০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে বিএনপি দাবি করেছে, ‘এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।’
আজ বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সরকারের ১০০ দিনের উল্লেখযোগ্য কার্যক্রমের তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে মোটাদাগে ২৬টি ‘সফলতার’ কথা উল্লেখ করা হয়েছে।
যেসব ‘সফলতা’র কথা বলল বিএনপি
১০০ দিনের ‘হাইলাইটস’ (উল্লেখযোগ্য কাজ) হিসেবে ২৬টি বিষয় তুলে ধরেছে বিএনপি। এগুলো হলো—
১) ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৫৩ হাজার ৯৬টি পরিবার;
২) এ পর্যন্ত ‘কৃষক কার্ড’ পেয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবার;
৩) ১০০ দিনে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে;
৪) এরই মধ্যে ৬৬৬টি খালে খনন কার্যক্রম শুরু হয়েছে;
৫) ইতিমধ্যে প্রায় ৬ হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধানেরা মাসিক ভাতা পাচ্ছেন;
৬) ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে;
৭) পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা থেকে সরাসরি উপকৃত হবে দেশের ৩৭ শতাংশ মানুষ;
৮) যুদ্ধাবস্থায় ভর্তুকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে;
৯) ২০ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে;
১০) মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে;
১১) ২৪ মে পর্যন্ত ১০টি কেবিনেট সভায় ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ৩৭টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে;
১২) ১২ থেকে ১৪ বছর বয়সী ক্রীড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চলমান রয়েছে;
১৩) ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে;
১৪) ভূমিসেবা অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে;
১৫) ১৪টি বোয়িং যুক্ত করে বিমান বহর সম্প্রসারণের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে;
১৬) ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে;
১৭) ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে;
১৮) সব শিল্পকারখানায় ঈদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা হয়েছে;
১৯) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আদায়ে ১৩ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে;
২০) প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে;
২১) ১৫ হাজার ৪৪৪ জন পেশাদার ও ২২ হাজার ৯১৮ জন অপেশাদার কসাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে;
২২) অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নজরদারিতে রাখছে;
২৩) বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে বাদ দেওয়া হয়েছিল;
২৪) দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে;
২৫) বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে;
২৬) এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।