বিএনপির কর্মসূচির জায়গাগুলোতে সকালেই অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ
ঢাকার প্রবেশমুখে বিএনপির ঘোষিত কর্মসূচির জায়গাগুলোতে আজ শনিবার সকাল থেকে 'সতর্ক পাহারার' নামে পুলিশের পাশাপাশি অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা।
কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দা-চাপাতি নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচির শুরুতেই হামলা করেছেন। কোনো জায়গায় বিএনপির কর্মসূচি পালনের জায়গায় আগেই অবস্থান নিয়ে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বেলা একটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েকটি জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন।
গতকাল শুক্রবার বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণার পর ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সতর্ক পাহারায় থাকার কথা বলেছিল।
গাবতলীতে আওয়ামী লীগ
ঢাকার গাবতলী এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার অনেক আগে সকালেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন।পুলিশের উপস্থিতিতেই তাদের সেখানে লাঠিসোঁটা হাতে দাপিয়ে বেড়াতে দেখা গেছে।
আজ বেলা ১১টার দিকে যখন গাবতলীতে খালেক পরিবহনের বাস কাউন্টারের সামনে আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সড়কের এক পাশে অবস্থান নেন, তখন কাছাকাছি দূরত্বেই অবস্থান ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের। সেখানে পুলিশ বিএনপি নেতা–কর্মীদের সরিয়ে দেয় এবং তাঁদের কাছ থেকে মাইক কেড়ে নেয়।
সে সময় সেখানে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা বিএনপির অন্তত পাঁচ নেতা-কর্মীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গাবতলী এলাকা থেকে বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ দলটির কয়েকজনকে পুলিশ আটক করে। অল্প সময়ের মধ্যে বিএনপি নেতা–কর্মীদের সরিয়ে দিয়ে পুলিশ গাবতলী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তবে বেলা একটার দিকেও গাবতলীতে হানিফ বালুর মাঠে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের অবস্থান ছিল।
উত্তরায় বিএনপির কর্মসূচিতে হামলা
আজ সকালেই উত্তরার ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা অবস্থান নেন। সেখানে দুপুর ১২টার দিকে বিএনপির নেতা–কর্মীরা জড়ো হন। সে সময় পুলিশ তাদের বাধা দেয়। সেখানে দেখা গেছে, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা লাঠিসোঁটা, দা ও চাপাতি নিয়ে বিএনপির কর্মসূচিতে হামলা করেন।
উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ চলে বেশ কিছু সময় ধরে। সংঘর্ষ শেষ হওয়ার পরও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সেখানে অবস্থান ছিল।
নয়াবাজারে বিএনপির জায়গায় আওয়ামী লীগের অবস্থান
ঢাকা দক্ষিণের একটি প্রবেশমুখ নয়াবাজারে বিএনপি অবস্থান কর্মসূচির জায়গা ঠিক করেছিল। কিন্তু আজ সকালেই ওই জায়গায় অবস্থান নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা।
এমন পরিস্থিতিতে ওই জায়গা থেকে দেড় কিলোমিটার দূরত্বে ধোলাইখাল এলাকায় বিএনপি অবস্থান নেয়। সেখানে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।
তবে সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীরা সংঘর্ষে জড়াননি। তাঁরা নয়বাজার এলাকাতেই অবস্থান করছিলেন।
মাতুয়াইলে অবস্থান
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীরা সকালে মাতুয়াইলে অবস্থান নেন।
সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। আওয়ামী লীগ সেখানে সংঘর্ষে জড়ায়নি। তবে সেখানে একদিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।