কোটা সমস্যা বিচার বিভাগের ওপর ন্যস্ত না করে সমাধান করুন: দিলীপ বড়ুয়া
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা ঘিরে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধান করা যুক্তিযুক্ত হবে বলে মনে করেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি বিচার বিভাগের ওপর ন্যস্ত না করে এই সমস্যার সমাধান করুন।’
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দিলীপ বড়ুয়া এ কথা বলেন। ১৪–দলীয় জোটের অন্যতম এই নেতা বিবৃতিতে বলেন, কোটা সংস্কারের বিষয়টিতে পশ্চাৎপদ জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিষয়টি বিবেচনায় নিয়ে সংস্কার করাটাই সময়ের জরুরি দাবি।
দিলীপ বড়ুয়া বলেন, দেশে প্রায় তিন কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা না করা গেলে, এই বিশাল জনগোষ্ঠী হতাশা ও মাদকাসক্তির ‘অতল গহ্বরে নিমজ্জিত হবে’। স্মার্ট বাংলাদেশ গড়ার সম্ভাবনাও নসাৎ হয়ে যাবে।
ষড়যন্ত্রকারীরা ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন রং দিয়ে দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে উল্লেখ করে সরকারকে সর্তক থাকার জন্যও বিবৃতিতে আহ্বান জানান দিলীপ বড়ুয়া।