খুলনা ও বরিশাল সিটি ভোট
কাউন্সিলর পদে আ.লীগের নেতারাই পরস্পরের প্রতিদ্বন্দ্বী
বিএনপি নির্বাচন না করায় ও আওয়ামী লীগের কোন্দলের কারণে দলের নেতা-কর্মীরাই এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী।
খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেশির ভাগ কাউন্সিলর পদে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই পরস্পরের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়ে থাকে। কিন্তু কাউন্সিলর পদে স্থানীয়ভাবে সমর্থন দেওয়া হয়। এবার বিএনপি নির্বাচন না করায় এবং আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে সেটা হয়নি। ফলে প্রায় সব ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
বরিশাল সিটিতে ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ১১৮ জন। এর মধ্যে ১৫ জন বিএনপির ও ৪ জন জামায়াতে ইসলামীর নেতা। বাকি প্রার্থীদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। তাঁরা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ও দলের মনোনীত মেয়র প্রার্থী খায়ের আবদুল্লাহর অনুসারী।
খায়ের আবদুল্লাহর অনুসারীদের মধ্যে কেউ কেউ প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ ফারুকের লোক বলেও পরিচিত। অন্যদিকে খুলনায় ৩১টি সাধারণ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১৩৬ জন। এর মধ্যে ৬৪ জন আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী।
‘একই সঙ্গে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই হিসেবেই কাজ চলছে। এ কারণে মহানগরের নেতাদের নির্দিষ্ট কোনো কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই।’এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বরিশালে দুই পক্ষ
বরিশাল সিটির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় বৈদ্যপাড়া এলাকায়। গতকাল বুধবার বিকেলে সেখানে নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। জিয়াউরের প্রতীক ঠেলাগাড়ির ভোট নিশ্চিত করার বিষয়ে তাঁরা সলাপরামর্শ করছেন। বর্তমান কাউন্সিলর জিয়াউর পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী। শুরু থেকে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর সঙ্গে আছেন।
জিয়াউরের কার্যালয়ের কয়েক শ মিটার দূরে এই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল হকের (সাজ্জাদ সেরনিয়াবাত) নির্বাচনী কার্যালয়। গতকাল বিকেলে সেখানে ওবায়দুলের ঘুড়ি প্রতীকের এজেন্টের তালিকা প্রণয়নের কাজ চলছিল। সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী ওবায়দুল জেলা ছাত্রলীগের সহসভাপতি।
জিয়াউর ও ওবায়দুল ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। তাঁরা নিজেদের নির্বাচনী প্রচারে নিজের প্রতীকে ভোট পাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। জিয়াউরের দাবি, তাঁকে এবং নৌকার প্রার্থীকে চাপে রাখতে কারও ইন্ধনে ওবায়দুল কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
২০১৮ সালের নির্বাচনে বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতে জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে অপমান করার অভিযোগ তুলে ১০ কাউন্সিলর যোগ দেন সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে। দলীয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই এই ১০ কাউন্সিলর আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে অবস্থান নেন। এঁদের বিরুদ্ধে সাদিক আবদুল্লাহর অনুসারী বলে পরিচিতরাও প্রার্থী হয়ে মাঠে আছেন।
নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দীন প্রথম আলোকে বলেন, এটা তো সহজেই বোঝা যায় প্রতিটি ওয়ার্ডে কেন পাল্টাপাল্টি প্রার্থী করা হয়েছে। এর পেছনে মূল কারণ, মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে দুর্বল করে দেওয়া। এটা পরিকল্পনা অনুযায়ীই করা হয়েছে।
বরিশাল সিটি নির্বাচনে এবার দলীয় মনোনয়ন পাননি বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ। মনোনয়ন পান তাঁর ছোট চাচা আবুল খায়ের আবদুল্লাহ।
খুলনাতেও নিজেরাই প্রতিদ্বন্দ্বী
খুলনার ১৬ নম্বর ওয়ার্ডে মোট কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৫ জন। এর মধ্যে মো. আনিছুর রহমান বিশ্বাস বর্তমান কাউন্সিলর। তিনি গতবার নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। ওই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখারও।
গত রোববার রাতে ওই ওয়ার্ডে আনিছুর রহমান ও হাসান ইফতেখারের দুই কর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে হাসান ইফতেখার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসান ইফতেখার প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে তাঁর কর্মীকে মারধর করেছেন আনিছুর রহমানের কর্মীরা।
অন্যদিকে আনিছুর রহমান বলেন, ব্যবসায়িক কারণে দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব হয়েছে। সেটাকে রাজনৈতিক রং ছড়ানো হচ্ছে।
২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কাজী আবুল কালাম আজাদ ও সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রার্থী হয়েছেন। শুরু থেকেই একে অপরের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ করে আসছেন।
সিটি এলাকা ঘুরে জানা গেছে, বেশির ভাগ ওয়ার্ডে নেতা-কর্মীরা পছন্দমতো প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ জন্য কলহ সেভাবে হচ্ছে না। মহানগরের দায়িত্বশীল নেতারা মেয়র প্রার্থী নিয়েই বেশি ব্যস্ত।
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা প্রথম আলোকে বলেন, ‘একই সঙ্গে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই হিসেবেই কাজ চলছে। এ কারণে মহানগরের নেতাদের নির্দিষ্ট কোনো কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই।’
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন—জ্যেষ্ঠ প্রতিবেদক সামছুর রহমান, নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক খুলনা।)