তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে জনগণের বিজয় হয়েছে: খেলাফত মজলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে বলে মনে করে খেলাফত মজলিস। তারা বলছে, বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনকালীন সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া এই মুহূর্তে বিকল্প পথ নেই।

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব আহমদ আবদুল কাদের।

বিবৃতিতে বলা হয়, ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরিপ্রেক্ষিতে দলীয় সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী শাসন প্রলম্বিত হয়। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের বিরুদ্ধে শুরু হয় নিষ্ঠুর দমন-পীড়ন। বিগত ১৬ বছর গণহত্যা, গুম, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের স্টিমরোলার চালিয়ে বাক্‌স্বাধীনতা রুদ্ধ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জননিরাপত্তা হুমকির মুখে পড়ে।

প্রধান বিচারপতির নেতৃত্বে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে আজ যে রায় দিয়েছেন, তাতে দেশবাসী আনন্দিত বলে বিবৃতিতে উল্লেখ করেছে খেলাফত মজলিস। তারা বলেছে, এতে জনগণের বিজয় অর্জিত হয়েছে। আজকের দিনটি ঐতিহাসিক।