প্রকৃত স্বাধীনতা হলো জনগণের রুটিরুজির অধিকার ফিরে পাওয়া: চিফ হুইপ
জনগণের রুটিরুজির অধিকার ফিরে পাওয়া প্রকৃত স্বাধীনতার অর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, একজন রিকশাচালকের রিকশা চালানোর অধিকার, একজন কৃষকের চাষাবাদের অধিকার এবং তাঁদের ঘাম ও শ্রমের যথার্থ মূল্যায়ন পাওয়াই হলো স্বাধীনতার স্বাদ।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক অনুষ্ঠানে চিফ হুইপ এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, দীর্ঘ সময় গণতান্ত্রিক লড়াই সংগ্রামের পর জনগণ স্বাধীনতার সুফল পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে।
সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর মানুষ অনাহারে ছিল। আইনশৃঙ্খলা বলে কিছু ছিল না। যুবলীগের সদস্যরা লাইসেন্সবিহীন অস্ত্র পেত। পথেঘাটে লাশ পড়ে থাকতে দেখা যেত।
ওই দুঃসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের চাপে দায়িত্ব নেন বলে উল্লেখ করেন চিফ হুইপ। সাবেক প্রয়াত রাষ্ট্রপতির খালখনন কর্মসূচির ফলে তিন বছরের মাথায় দেশের খাদ্যসংকট দূর হওয়ার পাশাপাশি বাংলাদেশ প্রথম খাদ্য রপ্তানি করেছিল বলেও দাবি করেন তিনি।
এ সময় জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে চিফ হুইপ বলেন, ‘বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ লক্ষ্যেই সরকার কাজ করছে।’
বিরোধী দল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে। কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে।