যুগপৎ আন্দোলন সমন্বয়ে বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির লোগো

বর্তমান সরকারকে সরাতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি পরিচালনার জন্য লিয়াজোঁ (সমন্বয়) কমিটি করেছে বিএনপিসহ সমমনা বিভিন্ন দল ও জোট। বিএনপি, এলডিপি ও গণতন্ত্র মঞ্চ গতকাল সোমবার নিজ নিজ দল ও জোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে।

আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য সাত সদস্যের লিয়াজোঁ কমিটি করেছে বিএনপি। কমিটিতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

সাত–দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ও গতকাল লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে। এতে রয়েছেন জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম ও গণ অধিকার পরিষদের নুরুল হক।

অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) লিয়াজোঁ কমিটি করেছে। দলের মহাসচিব রেদোয়ান আহমেদকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য নুরুল আলমকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি করেছে এলডিপি।

এদিকে নবগঠিত ‘১২–দলীয় জোট’ আজ মঙ্গলবার লিয়াজোঁ কমিটি গঠন করবে বলে জানিয়েছেন এই জোটের মুখপাত্র ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ প্রস্তুতি সভা হবে। সেখানে কমিটি গঠন করা হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। ৩০ ডিসেম্বর ঢাকার গণমিছিলের কর্মসূচি সামনে রেখে বিএনপি, এলডিপি ও গণতন্ত্র মঞ্চ লিয়াজোঁ কমিটি গঠন করল।