কোন ধাপে কোন ইউপির ভোট, তালিকা প্রকাশ করল ইসি

নির্বাচন কমিশন (ইসি)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে—তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে।

ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

ইসির প্রকাশ করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা আছে। মোট তিন দিনে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্রমানুসারে এই সংলাপে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন প্রশ্নে আবুল ফজল বলেছিলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম ধাপ

দ্বিতীয় ধাপ

তৃতীয় ধাপ

চতুর্থ ধাপ

পঞ্চম ধাপ