তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে কার্যালয়ে আজও নেতা–কর্মীরা, ছিলেন ফখরুল–রেজা কিবরিয়া
বিপুল জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সারা দেশ থেকে আসছেন নির্বাচিত সংসদ সদস্যরা। আসছেন নেতা-কর্মীরাও।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান করে এমন চিত্র চোখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে নেতা–কর্মীরা ফুল হাতে কার্যালয়ের সামনে জড়ো হন। তবে নিরাপত্তার কারণে কার্যালয়ের ভেতরে সবাইকে ঢুকতে দিচ্ছেন না সিএসএফ সদস্যরা। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসা জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং তাঁদের সীমিতসংখ্যক প্রতিনিধিরা শুধু ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন। আর ফটকের বাইরে একজন সিএসএফ সদস্য তাঁদের তথ্য সংগ্রহ করছেন। অন্য নেতা-কর্মীরা বাইরে অপেক্ষা করছেন। কার্যালয়ের আশপাশের সড়কে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বেলা ১১টার দিকে কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এ সময় বাইরে অপেক্ষায় থাকা নেতা–কর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাঁকে। তারেক রহমানও গাড়ির ভেতর থেকে তাতে সাড়া দেন।
দুপুর পৌনে ১২টার দিকে কয়েকজন নেতা–কর্মীকে নিয়ে কার্যালয়ে আসেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। পরে তিনি ভেতরে যান। ১২টার দিকে আসেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ফটকের সামনে থাকা নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি কার্যালয়ের যান।
১২টা ১৫ মিনিটে আসেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এরপরই তারেক রহমান কার্যালয়ে আসেন।
তারেক রহমান ঢোকার পর ১২টা ৪০ মিনিটের দিকে গুলশান কার্যালয়ে ঢোকেন শফিকুল ইসলাম মিল্টন। ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি। জামায়াতের আমির শফিকুর রহমানের কাছে ২১ হাজারের বেশি ভোটে হারেন তিনি।
আর বেলা ১টার দিকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। ফুল হাতে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে আসেন তিনি।
বেলা দেড়টার দিকে কার্যালয় থেকে চলে যান বিএনপি মহাসচিব ও নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেড়টার দিকে আসেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। নির্বাচিত সংসদ সদস্য রেজা কিবরিয়াও কার্যালয়ে যান।