সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না: নুরুল হক
সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক। তিনি মনে করেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামানো যাবে না। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘গণতন্ত্র হত্যায় একতরফা প্রহসনের ভোটের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি’ পালন করে গণ অধিকার পরিষদ।
এরপর এক সমাবেশে দেওয়া বক্তব্যে নুরুল হক বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর আন্দোলন হয়নি। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব, দলমত–নির্বিশেষে ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে থাকতে হবে।’
সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলেও উল্লেখ করেন নুরুল হক।
নুরুল হকের দাবি, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ এই নির্বাচন বর্জন করেছেন। আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের নেতারা ভোটের হার নিয়ে মিথ্যাচার করছেন।
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘এই নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, কারা প্রার্থী ছিলেন, এসব নিয়ে আলোচনা করার আর প্রয়োজন আছে বলে মনে করি না। তর্কের খাতিরে ধরে নিলাম ৪০ শতাংশ ভোট পড়েছে, তারপরও তো দেশের ৬০ ভাগ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’
সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান।
সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা প্রেসক্লাব, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় মিছিল করেন।