সংসদের বাজেট অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬ সালের বাজেট অধিবেশন) শুরু হয়েছে। আজ রোববার বেলা তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট।
আজ রোববার বৈঠকে শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁরা হলেন—সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।
এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।