ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সলের মনোনয়ন চূড়ান্ত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তবে এখনই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটি ও দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিনসহ তিনজন দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অন্য দুজন হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। তাঁরা মনোনয়ন বোর্ডে পৃথকভাবে সাক্ষাৎকার দেন।
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। ওবায়দুল্লাহ্ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস। সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকও ছিলেন।
আজ সন্ধ্যা সাতটার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য সেলিমা রহমান ও আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম।