ভোট ছিনতাই ঠেকাতে দেশবাসীকে সতর্ক করলেন তারেক রহমান

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠেছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

কেউ যেন জনগণের ভোটের অধিকারকে ছিনতাই করতে না পারে, ষড়যন্ত্র করে ভোটের ফল পাল্টে দিতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে আজ রোববার রাজধানীর মিরপুরে এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেছেন তিনি।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমি-ডামির নির্বাচন করে বাক্সে বন্দী করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে। ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পরে।’

বিকেলে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘যে তৌফিক আল্লাহ মানুষকে দেননি, এমন কোনো প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না।’

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা। আজ রোববার বিকেলে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে
ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

সমাবেশে তারেক রহমান বলেন, ‘আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না, যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই, যেটা করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন।’

একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শুধু তা-ই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। ইতিমধ্যে আমরা দেখেছি, তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের দলের লোকজনেরা সরল মা-বোনদের কাছে গিয়ে এনআইডি নম্বর নিয়েছে, বিকাশ নম্বর নিয়েছে বিভ্রান্ত করার জন্য।’

কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান আরও বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি তারা নব্বইয়ের আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কীভাবে নব্বইয়ের স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।’

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি কী কী কাজ করবে, বক্তব্যে সেসব কথা তুলে ধরেন তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো আমাদের নির্বাচনী প্রতিপক্ষের ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারতাম। কিন্তু তাতে কি জনগণের কোনো লাভ হতো? হতো না। জনগণের দরকার পরিকল্পনা, জনগণের দরকার কর্মসূচি। যে প্ল্যান, কর্মসূচি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের কাছে সেই পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।’

বিগত ১৬ বছরে ‘মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন’ হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতেগোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে, তাদের মেগা মেগা পকেটগুলো, মেগা মেগা অর্থ দিয়ে ভরে সেখানেই তারা মেগা প্রজেক্ট তৈরি করেছে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা আগামী ১২ তারিখ পর্যন্ত ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী তুলিকে (সানজিদা ইসলাম) দেখে রাখেন, ১৩ তারিখ থেকে আপনাদের সবার দায়িত্ব তুলির। আমরা এই আসনে এমন একজনকেই মনোনয়ন দিয়েছি, যে মানুষের দুঃখ বোঝে, মানুষের পাশে থাকে।’

‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই প্রধান লক্ষ্য’

এর আগে বিকেলে পল্লবীর লাল মাঠে ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের নির্বাচনী পথসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বিএনপির পক্ষ থেকে দেশ পুনর্গঠন ও জনকল্যাণের একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তাঁদের প্রধান লক্ষ্য হবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।

বক্তব্যে তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে তাঁদের সরাসরি সরকারি সহায়তা দেওয়া হবে। কৃষকদের কল্যাণে ‘কৃষক কার্ড’ চালুর পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে তারেক রহমান বলেন, প্রতিটি জেলায় এবং ঢাকায় একাধিক ভোকেশনাল ইনস্টিটিউট ও আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। এখান থেকে ফ্রিল্যান্সিং, ডেটা প্রসেসিং ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে তরুণেরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এ ছাড়া প্রবাসীদের সহায়তায় জমি বিক্রি না করেই বিদেশে যাওয়ার জন্য সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার পরিকল্পনাও তিনি তুলে ধরেন।

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেলে পল্লবীর লাল মাঠে
ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকার জলাবদ্ধতা দূর করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করার ঘোষণা দেন তারেক রহমান। এ ছাড়া ঢাকা-১৬ ও ১৭ আসনের উদ্বাস্তু বা আবাসনসংকটে থাকা মানুষের জন্য আইনি ভিত্তিসহ স্থায়ী বসবাসের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।

এই এলাকার ধানের শীষের প্রার্থী আমিনুল হকের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকার এই অঞ্চলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

তারেক রহমান তাঁর বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হবে।