বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২২ জন নেতা–কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
আগাম জামিন চেয়ে করা পৃথক পাঁচটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হন। সংঘর্ষের ওই ঘটনায় পরদিন মামলা করে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা মামলায় আসামি হিসেবে জেলা বিএনপির শীর্ষ নেতাসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা হিসেবে আরও ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়।
মামলায় আগাম জামিনের জন্য বিএনপির ২২ নেতা–কর্মী আজ হাইকোর্টে হাজির হন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
পরে আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, সহসভাপতি আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ, যুবদল নেতা মাজহারুল ইসলাম ও মহানগর ছাত্রদল সভাপতি সায়েদ আহম্মেদসহ ২২ নেতা–কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর সংশ্লিষ্ট আদালতে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’
১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়া ছাড়াও পথচারী, নারীসহ গুলিবিদ্ধ হন ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ। এ সময় ডিআইটি বাণিজ্যিক এলাকা ও ২ নম্বর রেলগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।