ইশতেহার: দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকবে বিএনপির অগ্রাধিকারের শীর্ষে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে তাদের প্রথম অগ্রাধিকার। নির্বাচনের পাঁচ দিন আগে দেওয়া ইশতেহারে বিএনপি এই প্রতিশ্রুতি দিয়েছে। দলটি বলেছে, দুর্নীতি দমনে পদ্ধতিগত ও আইনি সংস্কার করা হবে। দুর্নীতির বিষয়ে কোনো আপস করবে না তারা। সমাজের সর্বস্তরে দুষ্টক্ষতের মতো ছড়িয়ে পড়া দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য পদ্ধতিগত ও আইনের সংস্কারের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দুদক সংস্কারসংক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কারগুলো যথেষ্ট নয় বলে বিএনপি মনে করে।
দুর্নীতি দমনসংক্রান্ত বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, ২০০১ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে দুর্নীতি দমনে বিএনপি সরকারের কঠোর পদক্ষেপের ফলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের অপবাদ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ‘ইমার্জিং টাইগার’ হিসেবে স্বীকৃতি পায়।
উল্লেখ্য, কেবল ২০০১ সালেই নয়, স্বাধীনতা–উত্তর বাংলাদেশও তৎকালীন আওয়ামী লীগের দুর্নীতি এবং লুটপাটের কারণে সারা বিশ্বে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিতি লাভ করেছিল। পরবর্তীকালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি সরকারই ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ থেকে বাংলাদেশকে বের করে আনতে সক্ষম হয়েছিল।