জনগণের ওপর আস্থা আছে, ব্যালটের মাধ্যমে তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন: শফিকুর রহমান

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: প্রথম আলো

জনগণ ব্যালটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত জানাবেন, এমন আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা আছে। আমরা আশা করি, জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে, তাতে সে রকম একটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদের আরও কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্টুরেন্টে ঢাকা-১৫ আসনের উদ্যোগে নির্বাচনের ভোট গ্রহণপরবর্তী সংবাদ সম্মেলনে শফিকুর রহমান এমন মন্তব্য করেন। চলমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত।

এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের যেসব ফলাফল পাওয়া গেছে, তাতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দাবি করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব ফলাফল এসেছে, বেশির ভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের যাঁরা ক্যান্ডিডেট (প্রার্থী) ছিলেন, তাঁরা এগিয়ে আছেন।’

শফিকুর রহমান বলেন, ‘সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা, রাত ১১টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ (পরিস্থিতি কিছুটা স্পষ্ট হতে) নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়।’

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াত আমির। তবে সেই স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য হতে হবে জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয়, এমন কোনো স্বাধীনতা ব্যক্তিপর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক কারও জন্যই কাম্য নয়।

নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা-আতঙ্ক ছড়ানো হয়েছিল। কিন্তু সবকিছুর পরে নির্বাচনটা হয়েছে আলহামদুলিল্লাহ। বড় কোনো ক্যাজুয়ালটি হয়নি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘যখন আমরা নির্বাচনের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, জয় একজনেরই হবে, বাকিরা এটা মেনে নেবে, এটাই স্বাভাবিক। আমরা একজনের জয় হলেও আমি মনে করি, এটা আমাদের সবার জয়।’

নিজের আসনের ফলাফলের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘এই আসনের ভালো-মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ–তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাঁদের সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব ইনশা আল্লাহ।’

জামায়াত সরকার গঠন করার সুযোগ পেলে সব দলকে পাশে চাইবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা সাহায্যকারী হিসেবে পাশে পেতে চাইব। এটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে। আমরা দিল খুলে তাঁদের আহ্বান জানাব।’

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, এবার নির্বাচনে যত পরিমাণ পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন, অতীতের কোনো নির্বাচনে এত পরিমাণ পর্যবেক্ষক আসেননি। উল্লেখযোগ্য দেশ ও অঞ্চল (হাব)—সবাই পর্যবেক্ষক পাঠিয়েছে। এটাও কিন্তু নির্বাচন হওয়ার পক্ষে ভূমিকা রেখেছে।

ফলাফল মেনে নেওয়া না–নেওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা মনে করি, এখন পর্যন্ত ভোট যেভাবে হয়েছে, ফলাফলে যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স (হস্তক্ষেপ) না হয় বড় ধরনের, কেউ মেনে নিক না নিক, আমরা নেব ইনশা আল্লাহ।’

ঢাকা-১৫ আসনে যুবদলের আহ্বায়কসহ আরেকজনকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।