ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান গণতন্ত্র মঞ্চের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার হরণ করার নির্বাচনে কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে পারে না। এটি একতরফা ও একটি তামাশার নির্বাচন। তাই এই সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করতে হবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিল বিএনপি। একই সঙ্গে দলটি সরকারকে ‘সব ক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে। গতকাল বুধবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর এক দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে ‘একতরফা ভোট বর্জন করুন’ এ আহ্বান নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ–পূর্ব সমাবেশে নেতারাও ভোট বর্জনের কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার জাতীয় পার্টিকে আগামী সংসদের মেকি (নকল) বিরোধী দল বানানোর চেষ্টা করছে। জাতীয় পার্টির অফিস ও জি এম কাদেরকে পুলিশ-গোয়েন্দা সংস্থার লোক দিয়ে ঘেরাও করে তাদের ‘ভিক্ষার সিট’ নিতে বাধ্য করা হয়েছে।
গণতন্ত্র মঞ্চের নেতারা আরও বলেন বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ ৬৩টি দল নির্বাচন বয়কট করেছে। সরকারের অধীনে বিরোধী দলগুলো কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচন কমিশনের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জনগণ মানেনি। এ জন্য সরকার নানা অপকৌশল ও নাশকতার আশ্রয় নিয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন পাটোয়ারী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।
সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তরিকুল সুজন। সমাবেশ শেষে মতিঝিল পর্যন্ত একটি মিছিল করে গণতন্ত্র মঞ্চ।
বাংলাদেশের ছয়টি রাজনৈতিক দল ও সংগঠন নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। দল ও সংগঠনগুলো হলো জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।