মুক্তিযুদ্ধের ধারায় দেশ গড়তে কাস্তে প্রতীকে ভোট দিন: রুহিন হোসেন
রাষ্ট্রের মৌলিক সংস্কার ও মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এগিয়ে নিতে কাস্তে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। রোববার ঢাকা-৪, ৫ ও ৯ আসনের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে তিনি এ আহ্বান জানান।
এদিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত দোলাইরপাড়, পূর্ব জুরাইন, শনির আখড়া, শ্যামগঞ্জ, বাঁশেরপুল, কোনাপাড়া, মাতুয়াইল, গোড়ান, সিপাহিবাগ বাজার, নবাবী মোড়, তিলপাড়া, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান কাস্তে প্রতীকের প্রার্থীরা।
পথসভায় রুহিন হোসেন বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে যাঁরা পরিবর্তন ও সংস্কারের কথা বলেন, তাঁদের কাছে মানুষের প্রত্যাশা করার কিছু নেই। নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদীদের তাঁবেদারদের পরাজিত করতে হবে।
মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে রুহিন হোসেন বলেন, সিপিবির প্রার্থীরা বিজয়ী হলে জাতীয় সংসদে দেশের সাধারণ মানুষের স্বার্থে, লুটপাট, দুর্নীতি উচ্ছেদে যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।
ফলাফল একত্রীকরণের কথা বলে নির্বাচনের পরের দিন ১৩ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিত হওয়া নিয়ে নির্বাচন কমিশনের একটি নোটিশের সমালোচনা করে এর ব্যাখ্যা চান এই সিপিবি নেতা। তিনি বলেন, নির্বাচনের দিন রাতেই ফলাফল ঘোষণা করতে হবে। মানুষের মন থেকে নির্বাচনে কারসাজির সব সংশয় দূর করতে হবে।
পোস্টাল ব্যালট এবং নতুন ভোটারদের বিষয়ে উত্থাপিত নানা প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করে রুহিন হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশন ও সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দ্রুত প্রকৃত তথ্য জানাতে হবে। একই সঙ্গে নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মাঝে ভয়ের পরিবেশ দূর করার আহ্বান জানান তিনি।
এসব পথসভায় উপস্থিত ছিলেন কাস্তে প্রতীকের ঢাকা-৪ আসনের প্রার্থী ফিরোজ আলম মামুন, ঢাকা-৫ আসনের প্রার্থী তোফাজ্জেল দিপু এবং ঢাকা-৯ আসনের প্রার্থী মনিরুজ্জামান মিলন। অন্যান্যের মধ্যে সিপিবি নেতা হাসান হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সগীর, জাহিদ হোসেন খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।