মনোনয়নপত্র বাছাইয়ে যত্নবান হওয়ার নির্দেশনা ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে যত্নবান হয়ে সুচারুভাবে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এই বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করে ইসি। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তারা যত্ন সহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নপত্র বাতিল করলে তা ইসির জন্য সহযোগিতা হবে। দেখা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের পর মনোনয়নপত্র নিয়ে ইসির কাছে আপিল করা হয়। কিছু কিছু ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা আরও সুচারুভাবে সিদ্ধান্ত দিলে ইসির পক্ষে আপিলে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।

সিইসি আরও বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। তাই রিটার্নিং কর্মকর্তারা যদি সঠিক ও শুদ্ধভাবে সিদ্ধান্ত দেন, তাহলে তা আদালতেও সমর্থিত হবে। সেটা সবার জন্যই ইতিবাচক। সে জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে মনোনয়নপত্র বাতিল করার সময় কোন কোন কারণে বাতিল করবেন এবং আদেশটা কীভাবে লিখবেন, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।