বোমা রাখা অফিসে তন্নতন্ন তল্লাশিই স্বাভাবিক: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, যে বিএনপি অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সেই অফিসে তল্লাশি করা হবে, এটাই স্বাভাবিক।
তথ্যমন্ত্রী বলেন, ‘যে বিএনপি অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সেই অফিস যে তন্নতন্ন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করবে, এটাই স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেডও আছে কি না বা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার ফটোর বাক্সের মধ্যে কোনো মারণাস্ত্র ঢুকিয়ে রেখেছে কি না, সেটি তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতেই হয়।’
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের ছবির কাচ ভাঙা দেখিয়ে এবং সেই তল্লাশিকে বিএনপি নেতারা যেভাবে বাড়িয়ে বলছে, সেটা আসলে ১০ ডিসেম্বর তাদের সমাবেশ প্রচণ্ড “ফ্লপ” করার কারণে। যে হাঁকডাক দিয়ে তারা ১০ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছিল, সেটার তুলনায় তারা কিছুই করতে পারেনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে, তা–ও একটি গরুর হাটের ময়দানে। সেই কারণে মুখরক্ষার জন্য তারা এখন নানা ধরনের অভিযোগ-অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।’
‘২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলের ডাক দেওয়া একটি দুরভিসন্ধি’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, প্রথমত, ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন। সেদিন আসলে এ ধরনের গণমিছিলের ডাক দেওয়া দুরভিসন্ধি। যুগপৎ আন্দোলন, যৌথ আন্দোলন—এগুলোর ডাক তারা বিভিন্ন সময় দেয়। ১৪ বছর ধরে বিভিন্ন সময় তারা এসব ডাক দিয়েছে। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। এবারও যথারীতি তা–ই হবে বলে জানান তিনি।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির মধ্যে আমাদের দেশে বিভিন্ন ব্যাংকে মানুষের রাখা আমানতের ওপর সুদের হার কম—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপের ব্যাংকগুলোয় আমানতের ওপর সুদের হার ১ শতাংশ। মূল্যস্ফীতি কোনো দেশে ১০ শতাংশ, আবার তুরস্কে ৭০ শতাংশ। তাহলে কি সেখানে ব্যাংকের সুদের হারও ১০ শতাংশ বা ২০ শতাংশ করতে হবে? মূল্যস্ফীতির সঙ্গে ব্যাংকের আমানতের সুদের হার তুলনা করা হলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি মনে করি, এটি সমীচীন নয়।’
এর আগে সাংবাদিক মোতাহার হোসেন গ্রন্থিত ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’, অনার্য পাবলিকেশনস লিমিটেড প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজি সাহিত্যের প্রবাদপ্রতিম প্রয়াত শিক্ষকের শিক্ষকতা জীবন নিয়ে সম্পাদিত গ্রন্থ ‘অধ্যাপক মোহাম্মদ আলী স্মারক গ্রন্থ’ এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক অধ্যাপক ড. শক্তিসাধন মুখোপাধ্যায় রচিত কলকাতায় জন্মগ্রহণকারী পর্তুগিজ বংশোদ্ভূত ১৮ শতকের বাঙালি সাহিত্যিক ডিরোজিওর জীবনভিত্তিক বই ‘ডিরোজিও: জীবন ও কর্ম’—এ তিন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।