এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ নিজেদের ভেতরে একটা গুণগত পরিবর্তন: তাহের

সাংবাদিকদের ব্রিফ করছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহেরছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এ ধরনের ‘নতুন সংস্কৃতি’ নিজেদের ভেতরে একটা গুণগত পরিবর্তন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। দুই নেতার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের ব্রিফ করেন।

দুই নেতার সাক্ষাতের বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘এটাকে আমরা ওয়েলকাম করি (স্বাগত জানাই)। আমি মনে করি, এ ধরনের নিউ কালচার (নতুন সংস্কৃতি) নিজেদের ভেতরে থাকাটা একটা গুণগত পরিবর্তন।’

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকার প্রসঙ্গ তুলে ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় সম্মিলিতভাবে কাজের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রসঙ্গ তুলে জামায়াতের নায়েবে আমির বলেন, নিজেদের ভেতর আলোচনা-সমালোচনার মাধ্যমে যেকোনো বিষয়ে ইতিবাচক সমাধানের বিষয়ে বিএনপি ও জামায়াত মৌলিকভাবে একমত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপিকে অগ্রাধিকার নির্ধারণেও পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। এ প্রসঙ্গে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন (আইনশৃঙ্খলা পরিস্থিতি), মানুষের সিকিউরিটি (নিরাপত্তা)...এ বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে।’

এ ছাড়া মানুষের জীবনের মৌলিক পরিবর্তনে বিএনপির গঠিত সরকার যেন কাজ করে, সে বিষয়েও জামায়াতের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান জামায়াতের এই নায়েবে আমির।