দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির নাহিদ ইসলাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব প্রান্তের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ বলেন, আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উৎসব ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু—সমাজের সকল ভেদাভেদ ভুলিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ আমাদের হৃদয়ে আনে নির্মল প্রশান্তি।
এবারের ঈদুল ফিতরকে দেশের মুসলিমদের জন্য ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর উল্লেখ করে এনসিপির প্রধান বলেন, ‘দীর্ঘ দেড় দশক ধরে ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির অসংখ্য নেতা–কর্মী। আমরা যেন কখনো ভুলে না যাই, শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি। যাদের সর্বস্ব ত্যাগে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি, আসুন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই। আমাদের আহত সংগ্রামী ভাই-বোনদের খোঁজখবর নেওয়া এবং পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।’
প্রবাসী ভাই-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত থেকে যাঁরা দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, এই আনন্দের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’
একজন সচেতন মুসলিম হিসেবে ঈদের দিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব বলে বার্তায় মনে করিয়ে দেন নাহিদ ইসলাম।