সকাল গড়িয়ে দুপুর, ভোটারের দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-১৭ উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। আজ বেলা একটায় মানিকদী এলাকার ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে
ছবি: সামছুর রহমান

সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকেই ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম। ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা আশা করেছিলেন দুপুরে উপস্থিতি বাড়বে। কিন্তু বেলা বাড়তে থাকলেও ভোটার উপস্থিতি বাড়ছে না। ভোটের অর্ধেক সময় পরও এই আসনের চারটি কেন্দ্রে ৮ শতাংশের কম ভোট পড়েছে।

ঢাকা-১৭ আসনের মানিকদী এলাকায় অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন। এই প্রতিষ্ঠানে মোট চারটি কেন্দ্র। দুটি নারী কেন্দ্র ও দুটি পুরুষ কেন্দ্র। ভোটকক্ষ ২২টি। এই চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ৯৭০ জন।

আজ সোমবার সকাল ৮টায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরুর পর প্রথম চার ঘণ্টায় চারটি কেন্দ্রে ভোট পড়েছে ৯৫৩টি। ভোট পড়ার হার ৭ দশমিক ৯৬।

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ভোটারদের কোনো লাইন নেই। ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা অলস বসে আছেন। হঠাৎ দু-একজন ভোটার আসছেন। বিশেষ করে, নারী ভোটার উপস্থিতি একেবারেই কম। এমন উপস্থিতি নিয়ে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরাও হতাশা প্রকাশ করেন।

একটি নারী কেন্দ্রের ১ নম্বর কক্ষে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৯টি। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কাজী ইমরান বলেন, ‘ভোটার উপস্থিতি কম। প্রথম ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ১৫০টির মতো। এই কেন্দ্রে ভোটার আছেন ২ হাজার ৯৮৫ জন।’

এই উপনির্বাচনে ভোট হচ্ছে কাগজের ব্যালটে। তাই যাঁরা ভোট দিতে আসছেন, তাঁদের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ভোটারদের।

এই কেন্দ্রে ভোট দিয়েছেন মোহাম্মদ আলী ও মোসাম্মৎ হোসনে আরা দম্পতি। দুজনই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মোহাম্মদ আলী বলেন, ‘ভোট দিতে পেরে ভালো লাগছে। কোনো ঝামেলা নেই।’ হোসনে আরা বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই ব্যালটে ভোট দিয়েছি। ভোটার কম থাকায় লাইনেও দাঁড়াতে হয়নি।’

এই উপনির্বাচনে নারীদের তুলনায় পুরুষ ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনের পুরুষ কেন্দ্র দুটির একটিতে ভোটার ৩ হাজার ২১ ও আরেকটিতে ৩ হাজার ১০ জন। এই দুই কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে যথাক্রমে ৩৩১ ও ৩১৬টি। একটি কক্ষে সর্বোচ্চ ৭৮টি ভোট পড়েছে।

একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়ালিউজ্জামান বলেন, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। চার ঘণ্টায় ১০ শতাংশের মতো ভোট পড়েছে।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। বিএনপি এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না। আওয়ামী লীগের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীও নেই।

শুরু থেকেই এই উপনির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম। তবে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা আশা করেছিলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু দুপুর হয়ে গেলেও অধিকাংশ কেন্দ্রেই ভোটার নেই বললেই চলে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ধারণা, বাকি সময় এভাবে চললে ভোটের হার ২০-এর আশপাশে হবে।