রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে এই শুভেচ্ছা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল ও সংসদ সচিবালয়ের সচিব।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।