বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সর্বজনীন পেনশন স্কিমে খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীদের জন্য বিশেষ সুবিধা দিতে হবে। বৃদ্ধ বয়সে সরকারি কর্মকর্তাদের আমরা যেমন আর্থিক নিরাপত্তা দিচ্ছি, তেমনি যাঁরা খেতখামারে গায়ে–গতরে খেটে আমাদের সেবা দিচ্ছেন, তাঁদের বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমজীবীদের স্বার্থের কথা ভেবে মাঠপর্যায়ে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। জমাবিহীন পেনশন–সুবিধা দিতে হবে তাঁদের।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন আয়োজিত ‘খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য জমাবিহীন পেনশন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বাজেটে বিভিন্ন খাতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাতার ব্যবস্থা থাকলেও সেটা নামমাত্র। কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা চালু করা প্রয়োজন। এটা তাঁদের জন্য কোনো দয়া, দান-দাক্ষিণ্য নয়। এটা তাঁদের অধিকার। পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশেই এমন ব্যবস্থা চালু আছে।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম আইন সংসদীয় স্থায়ী কমিটির বিবেচনায় আছে। আমাদের এখনই গ্রামীণ শ্রমজীবীদের পেনশনে তাঁদের স্বার্থের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে। যাঁরা আইনটি নিয়ে কাজ করছেন, তাঁদেরও এর সুবিধাভোগীদের সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।’
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি নজরুল হক। ধারণাপত্র উপস্থাপন করেন সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ। বৈঠকে প্যানেল আলোচক ছিলেন মোস্তাফিজুর রহমান, বিনায়ক সেন, এম এম আকাশ ও শামসুল হুদা।
বৈঠকে বক্তারা বলেন, পেনশন স্কিমে গ্রামীণ শ্রমজীবীদের জন্য পেনশন–সুবিধা জমাবিহীন করতে হবে। তাঁদের এই স্ক্রিমের আওতায় আনতে নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। এই নিবন্ধনে যেন সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে তাঁরা যুক্ত হতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে হবে।