৬ কেন্দ্রের ৪৬ ভোটকক্ষের কোথাও সাত্তারের মূল প্রতিদ্বন্দ্বীর এজেন্ট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: তানভীর আহাম্মেদ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এই নির্বাচনের ৬টি কেন্দ্রের ৪৬টি ভোটকক্ষ ঘুরে কোনোটিতে আসিফের নির্বাচনী এজেন্ট পাওয়া যায়নি। আসিফের স্ত্রী মেহেরুননিছা অভিযোগ করেছেন, অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। তাঁরা হলেন আবদুস সাত্তার ভূঁইয়া (কলার ছড়া), আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি), জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সহাসচিব আবদুল হামিদ ভাসানী (লাঙ্গল) ও জাকের পার্টির জহিরুল ইসলাম (গোলাপ ফুল)।

আরও পড়ুন

ভোট শুরুর প্রথম ৩ ঘণ্টায় সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরাইল অন্নদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুট্টাপাড়া (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় ও বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন প্রথম আলোর এই দুই প্রতিবেদক।

কেন্দ্র ৬টিতে মোট ভোটকক্ষ ৪৬টি। ভোট শুরুর প্রথম ৩ ঘণ্টায় এগুলোর কোনোটিতে আসিফের মোটরগাড়ি প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি। গোলাপ ফুলের এজেন্টও দেখা যায়নি। তবে কিছু কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্ট পাওয়া যায়। অধিকাংশ কক্ষে সাত্তারের কলার ছড়ার এজেন্ট রয়েছে।

কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৬টি ভোটকক্ষ। এখানে সব প্রার্থীর এজেন্ট না থাকার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তিন ঘণ্টায় কলার ছড়া ও লাঙ্গল প্রতীকের এজেন্ট হাজির হয়েছেন। অন্য প্রার্থীদের এজেন্ট না আসলে তো আমাদের কিছু করার নেই। সময় আছে, হয় তো পরে তাঁরা আসবেন।’

আরও পড়ুন

স্বতন্ত্র প্রার্থী আসিফ গত শুক্রবার থেকে ‘নিখোঁজ’। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সাত্তার বাদে বাকি তিন প্রার্থীর লোকজন নির্বাচনের আগেই অভিযোগ করে বলেছিলেন, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কর্মী-সমর্থক-এজেন্টদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাঁদের নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। ভয়ে কেউ এজেন্ট হতে চাইছে না।

স্বতন্ত্র প্রার্থী আসিফের স্ত্রী মেহেরুননিছা আজ বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক কেন্দ্রেই এজেন্ট দেওয়া যায়নি। আবার এজেন্ট গেলেও তাঁকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার মেলার পর তাঁদের বের করে দিয়ে অন্য লোকজন ভোট দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন

উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৯৭ জন। ভোটকক্ষ ৮টি। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন,৮টি কক্ষেই কলার ছড়ার এজেন্ট আছেন। ৫টি কক্ষে আছেন লাঙ্গলের এজেন্ট। আর কোনো প্রার্থীর এজেন্ট উপস্থিত হননি।

সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। মোট ১৩২টি কেন্দ্র ও ৮২৬টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম।

নাম প্রকাশ না করার শর্তে আবু আসিফের সমর্থক ও নির্বাচনের দায়িত্বে থাকা সরাইল উপজেলার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, তাঁরা কর্মী-সমর্থকদের এজেন্ট হতে অনুরোধ করেছিলেন। কিন্তু কেন্দ্রে ঝামেলা ও পরবর্তী সময়ে হয়রানির ভয়ে অনেকেই এজেন্ট হতে রাজি হয়নি। কেন্দ্রে গিয়েও অনেককে বাইরে থেকেই ফিরতে হয়েছে।

আরও পড়ুন