বিএনপি–জামায়াত মানুষ পুড়িয়ে হত্যার পথ বেছে নিয়েছে:  জাসদ

রাজধানীতে জাসদের বিক্ষোভ মিছিল। ঢাকা, ২ নভেম্বর
ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতে ইসলামী আবার আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এর প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে জাসদের মিছিলটি ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন, মুক্তাঙ্গন, বায়তুল মোকাররম ও স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলের আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে জাসদ। সেখানে দলটির নেতারা বলেন, বিএনপি-জামায়াত গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। গত ২৮ অক্টোবরের তাণ্ডবের পর তারা পরিকল্পিতভাবে যানবাহনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করার পন্থা বেছে নিয়েছে। চক্রটি নৈরাজ্য সৃষ্টি করে অস্বাভাবিক পরিস্থিতিতে দেশকে সংবিধানের বাইরে নিয়ে যেতে চায়।

সমাবেশে জাসদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন প্রমুখ বক্তব্য দেন।