সরকার পতনে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন: গণসংহতি আন্দোলন
বর্তমান সরকার পতনে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সংগ্রাম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলন ঢাকা জেলা কমিটি আয়োজিত ‘৬৯–এর গণ-অভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় জোনায়েদ সাকি এ আহ্বান জানান।
জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার গণআন্দোলন–গণজোয়ারে ভীত হয়ে পড়েছে। পুরোনো সব স্বৈরাচারের পথ অবলম্বন করে তারা প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোনো মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না। বরং ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আমাদের শিক্ষা দেয়, জনগণের ঐক্যবদ্ধ উত্থান প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে। ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জনগণের ক্রমবর্ধমান বৃহত্তর ঐক্য, গণজাগরণ বর্তমান সরকারেরও পতন ঘটাবে বলে মন্তব্য করেন তিনি।
গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সূচনা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন।