পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য বিশেষ দিবসের মতো প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শুভকামনা জানিয়ে ফুল, ফল ও মিষ্টি পাঠান।
রাজধানীর গজনভী রোডে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান ও সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার তাঁদের হাতে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ ও পয়লা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাঁদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা মোহাম্মদপুরে ১৩ তলা এই মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ তাঁদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।